দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চললেও তীব্রতা কমে এসেছে অনেকটাই। তবে শীত যে একেবারে শেষ তা নয়। বুধবার থেকে সারাদেশের বিভিন্ন স্থানে দুই থেকে তিনদিন বৃষ্টি শুরু হতে পারে এবং যার পর তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান চ্যানেল আই অনলাইনকে জানান, ২৯ জানুয়ারি থেকে অন্তত দুই দিন হালকা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
আবহাওয়া অফিস জানিয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে।
বুধবার বৃষ্টি হলে তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা থাকলেও মঙ্গলবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
মঙ্গলবার সারাদেশের মধ্যে তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৩ ডিগ্রি সেলসিয়াস।








