বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমুল হাসান পাপনসহ ২২ জন আগে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় ঢাকা এবং বরিশাল বিভাগের নির্বাচনের অপেক্ষায় ছিল বিসিবি। সেখান থেকে আবার ঢাকার দুই পদের একটিতে নাইমুর রহমান দুর্জয় নির্বাচিত হবেন সেটা আগেই জানিয়েছিলেন ভোটাররা। অপেক্ষা ছিল বরিশাল বিভাগ নিয়ে। সেখানে নাজমুল হাসান পাপনের প্যানেলের প্রার্থী এম এ আওয়াল বুলুকে হারিয়ে দিয়েছেন আলমগীর খান আলো।
ঢাকা থেকে দুর্জয় ছাড়া আরেক পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ আশফাকুল ইসলাম। দুজনই ১৩টি করে ভোট পেয়েছেন। দুটি পদের জন্য ঢাকায় মোট প্রার্থী ছিলেন চারজন। বাকী দুই প্রার্থীর মধ্যে তানভীর আহমেদ টিটু পেয়েছেন সাত ভোট। অপর প্রতিদ্বন্দ্বী শাহীনুল ইসলাম ভুঁইয়া পেয়েছেন ৩ ভোট।

এবার দুর্জয় বিসিবির কাউন্সিলর হন নিজ জেলা মানিকগঞ্জ থেকে। আগের কমিটিতে তিনি ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কিছু বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। নাজমুল হাসানের সঙ্গেও তার বিরোধের কথা শোনা যায়। নির্বাচনের আগে গুঞ্জন ছিল এবার তিনি বোর্ড পরিচালকও হতে পারছেন না। তবে শেষ পর্যন্ত সব ‘সমস্যা’ মিটিয়ে ফেলতে সক্ষম হন।
বরিশালে বিভাগে ভোটার ছিলেন সাতজন। তার মধ্যে আলো পেয়েছেন পাঁচ ভোট।

নির্বাচন প্রক্রিয়া শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উমর ফারুক। বুধবার দুপুরে ঘোষণা করা হবে সরকারি ফলাফল।








