রাশিয়া বিশ্বকাপে প্রেগনেন্সির অদ্ভুত এক প্রস্তাব দিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের ফাস্ট ফুড চেইনশপ ‘বার্গার কিং’। ব্যাপক সমালোচনার মুখে ক্ষমাও চাইতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।
প্রথম দুই ম্যাচের দুটিতে জিতে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে স্বাগতিক রাশিয়া। তারপরও রাশিয়ান ফুটবলের ‘ভবিষ্যতে’র কথা ভেবে একটি বিজ্ঞাপনী প্রচারণায় নেমেছিল যুক্তরাষ্ট্রের ফাস্ট ফুড চেইনশপ ‘বার্গার কিং’।
গত মঙ্গলবার রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে (ভিকে) প্রচারণা চালায় তারা। তাতে বলা হয় রাশিয়ান কোনো মেয়ে যদি বিশ্বকাপে খেলা কোনো ফুটবলারের সন্তান ধারণ করতে পারে, তাহলে সেই মেয়েকে নগদ ৪৭ হাজার ডলার আর্থিক পুরস্কারের সঙ্গে আজীবন ‘হুপারস’ (বার্গার কিংয়ের বিশেষ স্যান্ডউইচ) সরবরাহ করা হবে।
বিশ্বকাপকে সেরা ফুটবলারদের মিলনমেলা হিসেবে ধরে নিয়েই এই প্রচারণায় নেমেছিল খ্যাতনামা প্রতিষ্ঠান। যেসব মেয়ে সেরা ফুটবলারদের ‘জিন’ ধারণ করে ‘রাশিয়া দলের পরবর্তী প্রজন্মের সফলতা নিশ্চিত করবে’ তাদের পুরস্কার দেয়ার কথা দিয়েছিল বার্গার কিং।
তবে রাশিয়ান সমালোচকেরা কঠোর সমালোচনা করায় প্রচারণাটি বার্গার কিং তাদের ‘ভিকে’ (রাশিয়ান ফেসবুক সংস্করণ) অ্যাকাউন্ট থেকে মুছে ফেলে। যদিও খুব একটা লাভ হয়নি। কারণ, প্রচারণাটি এরইমধ্যে শোরগোল ফেলে দিয়েছে রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কড়া সমালোচনার মুখে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে, ‘ঘোষণাটির জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ব্যাপারটি অবশ্যই নারীর প্রতি অসম্ভব অবমাননাকর।’








