জমকালো আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাসকট উন্মোচিত হয়েছে। যার নাম দেয়া হয়েছে ডানা ৩৬। আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে চলা বিপিএলের একাদশতম আসর ঘিরে উন্মাদনা তৈরি করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত হয় ‘তারুণ্যের উৎসব ২০২৫’। মাসকট উন্মোচন ছিল সে অনুষ্ঠানেরই অংশ।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বিসিবির অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে পুরুষ ও নারী জাতীয় দলের ক্রিকেটাররাও অংশ নেন।
সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের মিলনমেলায় রূপ নেয় অনুষ্ঠানটি। বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম ছিলেন। ছিলেন নারী ক্রিকেট দলের সদস্যরাও।
‘ডানা ৩৬’ নামক পায়রার মাসকটটি সাম্প্রতিক ছাত্র-নাগরিক আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এই মাসকটটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক।
‘ডানা ৩৬’ কি?
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ টুর্নামেন্টের অফিসিয়াল মাসকট ‘ডানা ৩৬’। যার গড়ন, ব্যবহৃত রং ও অঙ্গভঙ্গি উপস্থাপন করে স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে। এখানে ‘ডানা’ শব্দটি ‘পাখা’ অর্থে ব্যবহৃত হয়েছে, যা স্বাধীনতা ও মুক্তির প্রতীক। ‘ডানা ৩৬’ মাসকটটি- ডানা বা পাখা প্রসারিত করা একটি সাদা পায়রা, যা শান্তির প্রতীক এবং প্রতি পাশে ১৮টি করে মোট ৩৬টি রঙিন পালক উপস্থাপন করে ৩৬শে জুলাই (৫ আগস্ট) ২০২৪ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে স্মরণ করেছে। যা প্রতিটি স্বপ্নবাজ, উদ্যমী, অপ্রতিরোধ্য তরুণকে নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যোগায়। ডানা’র স্বপ্নময় চোখ ও উজ্জ্বল হাসিতে ছড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ এবং ক্রিকেট মাঠের অফুরন্ত সম্ভাবনা।






