বিআরবি কেবলস-বিপিএলের আজ শেষ হচ্ছে লিগ পর্যায়ের খেলা। এ দিনও অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। টি-টুয়েন্টি এই টুর্নামেন্টের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
দিনের প্রথম ম্যাচে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট সুপার স্টারস। খেলা শুরু হবে দুপুর ২টায়। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করেছে কুমিল্লা। সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া সিলেটের। সুপার চার-এ খেলার আশা জিইয়ে রাখতে হলে এ ম্যাচে অবশ্যই জিততে হবে। জিতলেও অপেক্ষায় থাকতে হবে পরের ম্যাচের জন্য।
অপর ম্যাচে মুখোমুখি হবে বরিশাল বুলস এবং ঢাকা ডায়ানামাইটস। খেলা মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়। বরিশাল আগেই নিশ্চিত করেছে সুপার চার। ৯ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া ঢাকা এ ম্যাচে জিতলে সুপার চার খেলবে। তবে আগের ম্যাচেও তাদের ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে।





