অস্ট্রেলিয়ার টি২০ বিগ ব্যাশ লীগে কালো ব্যাট ব্যবহারের অনুমতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। ক্রিকেট অস্ট্রেলিয়া পর্যবেক্ষণ করে রাসেলকে এই ধরনের ব্যাট ব্যবহারের অনুমতি দেয়।
সিডনি থান্ডার্সেও এই তারকা গত সপ্তাহে বিবিএল এর উদ্বোধনী ম্যাচে সিডনি সিক্সার্সেও বিপক্ষে ব্ল্যাক ব্লেড ও গোলাপী হ্যান্ডেল দিয়ে সাজানো ব্যাট হাতে খেলতে নেমেছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার সবুজ সঙ্কেত নিয়েই রাসেল নতুন ধরনের ব্যাট হাতে খেলতে নামেন। কিন্তু ম্যাচ অফিসিয়ালদের ফিডব্যাকের ভিত্তিতে সিএ তাদের অবস্থান থেকে সরে আসে।
ম্যাচ অফিসিয়ালরা অভিযোগ করে বলেন, রাসেলের ব্যাট থেকে কালো দাগ ম্যাচ বলে লেগে যাচ্ছে। বিবিএল অফিসিয়াল অবশ্য পুনরায় বিবেচনা করে জানিয়েছে রাসেল এখন থেকে কালো ব্যাট হাতে ব্যাটিংয়ে নামতে পারবেন। তবে ব্যাট প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে ব্যাটটি নতুন করে আরো উন্নতভাবে তৈরি করেই ব্যবহারের অনুমতি মিলেছে রাসেলের। এতে বলের রঙে কোন ধরনের পরিবর্তন আর হবে না।
বিবিএল এর বাইলজ অনুযায়ী একজন খেলোয়াড় তার দলীয় খেলোয়াড়ী সামগ্রির রঙে কিংবা কালো রঙের ব্যাট ব্যবহার করতে পারবে।








