বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে মাসুদ খানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান ও নাফিজ-আল-তারিক।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাঁরা দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩–এর ধারা ৫(২) অনুযায়ী এসব নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও চার কমিশনার পদত্যাগ করেন। পদত্যাগের পরই কমিশনের শীর্ষ পদগুলোতে নতুন নিয়োগ দেওয়া হলো।








