নেইমারকে পিএসজি থেকে কিনতে অর্থের সঙ্গে কৌতিনহোকে দেয়ার প্যাকেজ ছিল বার্সেলোনার। নেইমার বিষয়ে অগ্রগতি নেই, তবে আরেক ব্রাজিলিয়ানের একটা গতি করল কাতালান ক্লাবটি। এক বছরের জন্য ধারে কৌতিনহোকে বায়ার্নে দিচ্ছে বার্সা।
জার্মান বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখের সঙ্গে মিডফিল্ডার ফিলিপে কৌতিনহোকে নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে বার্সা। আপাতত এক বছরের লোনে দিচ্ছে ব্রাজিল তারকাকে। চুক্তিতে শর্ত থাকছে চাইলে তাকে কিনতেও পারবে বায়ার্ন।
শুক্রবার রাতে লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে কৌতিনহোকে রাখেনি বার্সা। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হেরে ফিরেছে চোটে মেসির খেলতে না ম্যাচে। স্কোয়াডে কৌতিনহো না থাকার পর প্রশ্ন ওঠে। তারপরই এলো তার বায়ার্ন যাত্রার খবর। কেবল মেডিকেল পরীক্ষা আর আনুষ্ঠানিক চুক্তিটা বাকি।
২০১৮ সালের শুরুর মাসে লিভারপুল থেকে কৌতিনহোকে কিনেছিল বার্সেলোনা। তখন উড়ন্ত ফর্ম ব্রাজিল তারকার। তবে ন্যু ক্যাম্পে যোগ দিয়ে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। বার্সার জার্সিতে ৭৬ ম্যাচে ২১ গোল সঙ্গী হচ্ছে ২৭ বছর বয়সীর বিদায়বেলায়। সঙ্গে দুটি লা লিগা শিরোপা।







