কোচিং ক্যারিয়ারের ইতি টানার আগে আরেকবার বার্সার ‘বি’ টিমের দায়িত্ব নিতে চান পেপ গার্দিওলা।
৪৭ বছর বয়সী এই কোচ ২০০৭ সালে বার্সার ‘বি’ টিমের কোচ ছিলেন। এক বছর বাদে ক্লাবটির সিনিয়র দলের কোচ হয়ে যান।
বার্সার হয়ে লা লিগা তিন বার, দুই বার চ্যাম্পিয়ন্স লিগ এবং দুই বার ক্লাব বিশ্বকাপ জেতেন গার্দিওলা। চার বছর স্মরণীয় সময় কাটিয়ে পাড়ি দেন বায়ার্ন মিউনিখে। এখন আছেন ম্যানসিটিতে।
বার্সার ‘বি’ টিম দিয়েই গার্দিওলার কোচিং ক্যারিয়ার শুরু। বলছেন, এখানেই ইতি টানতে চান, ‘যেখানে শুরু করেছিলাম, সেখানে শেষ করবো। আমার শেষ যাত্রা হবে যুব দল। আশা করি সেটা বার্সাই হবে।’
বার্সা ছাড়ার পর বেশ কয়েকবার বলেছেন ক্লাবটির সিনিয়র দলের কোচ হওয়ার সম্ভাবনা তার নেই। তবে শোনা যায়, স্পোর্টিং ডিরেক্টর হয়ে ফিরতে পারেন। সিটির সঙ্গে তার চুক্তি শেষ হবে ২০২০-২১ মৌসুমে।








