বছরের পঞ্চম শিরোপা জেতার পথে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ইউরোপিয়ান ফুটবল সার্কিটে ট্রেবল জয়ীরা এএফসি কাপ জেতা চীনের গুয়াংজু এভারগ্র্যান্ডেকে ৩-০’তে হারিয়ে উঠে গেছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফুটবলের ফাইনালে। মেসি-নেইমারবিহীন বার্সার হয়ে হ্যাটট্রিক করেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
জাপানের ওসাকা নাগাই স্টেডিয়ামে ব্রাজিলিয়ান কোচ স্কলারির প্রশিক্ষণে গড়া গুয়াংজু’র বিপক্ষে মেসি ও নেইমারকে ছাড়াই মাঠে নামে বার্সেলোনা।
প্রথম গোলটির জন্য ৩৮ মিনিট অপেক্ষার পর সুয়ারেজের গোলে তারা লিড নেয়। ৫০ মিনিটে দ্বিতীয় এবং ৬৭ মিনিটে পেনাল্টিতে তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করার পাশপাশি হ্যাটট্রিক পূর্ণ করেন দুরন্ত ছন্দে থাকা সুয়ারেজ।
রোববার মেসির বার্সেলোনা ফাইনালে আর্জেন্টাইন চ্যাম্পিয়ন রিভারপ্লেট ক্লাবের মুখোমুখি হবে।






