ফেনীতে র্যাবের অভিযানে বিপুল অস্ত্রসহ সরকার দলীয় ২৬ নেতাকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে।
শনিবার সন্ধ্যায় সোনাগাজী উপজেলা যুবলীগ নেতা আজিজুল হক হত্যার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ থেকে ফেরার পথে লালপুর এলাকায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৩টি মাইক্রোবাসসহ তাদের আটক করে র্যাব।
এ ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ফেনী-নোয়াখালী মহাসড়ক ও ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। সে সময় তিনটি সড়কে ব্যারিকেড দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতা কর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে কয়েকটি গাড়ি ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ৯টার দিকে মহাসড়কে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।






