ইন্টারন্যাশনাল অডি কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে উঠেছে টটেনহ্যাম হটস্পার। স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে ইংলিশ জায়ান্টদের জয়ে একমাত্র গোলটি এসেছে হ্যারি কেনের থেকে।
রাতের আরেক ম্যাচে ফের্নেবাচকে ৬-১ গোলে উড়িয়ে ফাইনালে হটস্পারদের প্রতিপক্ষ হয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২২ মিনিটে লিড নেয় টটেনহ্যাম। রিয়ালের মার্সেলোর ভুলের সুযোগ নিয়ে বলে নিয়ন্ত্রণ রেখে বক্সের মধ্য থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন ইংলিশ ফরোয়ার্ড কেন।
বুধবারের ফাইনালে জায়গা নেয়ার পথে অন্য ম্যাচে বায়ার্নকে দ্বিতীয় সেমিতে হ্যাটট্রিকময় জয় এনে দেন থমাস মুলার। তুরস্কের ক্লাবটির বিপক্ষে ম্যাচের ৩১, ৪৪ ও ৫৮ মিনিটে গোল করেন মুলার।
অবশ্য ম্যাচের ২২ মিনিটে গোলের খাতা খুলেছিলেন রেনাতো সানচেজ। পরে ২৮ মিনিটে লিওন গোরেটজা ও ৪০ মিনিটে কিংসলে কোম্যান বাকি গোল দুটি করেন।







