দফায় দফায় কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষুদ্র ও মাঝারি খামারিরা। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় ছোট ছোট খামার, খাদ্য মিল বন্ধ হতে বসেছে। দিনে দিনে কৃষির গুরুত্বপূর্ণ এ খাতের বিপর্যয় স্পষ্ট হয়ে উঠছে ।
মহামারি করোনার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বিপর্যয় আর লোকসানে নিঃস্ব হয়ে পড়ছেন এসব প্রান্তিক খামারি।
গত দুই বছরে সয়াবিনের দাম বেড়েছে ৮৮ শতাংশ। অন্য কাঁচামালের দাম বেড়েছে ১২৩ শতাংশ পর্যন্ত। বর্তমানে কাঁচামালসহ মোট উৎপাদন খরচ প্রতি কেজি ব্রয়লার ফিডে ৩-৪ টাকা, লেয়ার ফিডে ২.৫-৩.৫ টাকা, ক্যাটেল ফিডে ৩.৫-৪ টাকা, ডুবন্ত ফিশ ফিডে ২.৫-৩.৫ টাকা এবং ভাসমান ফিশ ফিডে ৪-৫ টাকা। যার প্রভাবে বিপর্যস্ত সংশ্লিষ্টরা।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকায় অবস্তিত আদর্শ এগ্রো ফিডের সত্ত্বাধিকারী আবু বক্কর সিদ্দিক জানান, সুষ্ঠু নীতি না থাকার কারণেই দিনের পর দিন ধ্বংসের মুখে পড়েছে এ শিল্প। এমন দাবি অন্যান্য খামারিদেরও।
তারা চেয়ে আছেন আসন্ন বাজেটের দিকে। কৃষির এ খাতকে রক্ষায় সরকার নীতিগতভাবে সঠিক পদক্ষেপ নেবে এমন আশা তাদের।







