বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার জানা গেলো সাহাজ্যের পরিমান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এছাড়াও ৩ হাজার মানুষের জন্য শুকনো খাবার সেনাবাহিনীর মাধ্যমে রোববার বন্যা কবলিত এলাকায় পাঠানো হবে।
শনিবার বিকেলে মিরপুরে সভা শেষে ফারুক আহমেদ বলেন, ‘আপনারা জানেন আমরা সবাই খুবই দুঃখিত, আমাদের দেশে এত বড় বন্যা এসেছে। এই বন্যাতে ভয়াবহ অবস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে। একটা ত্রাণ পাঠাচ্ছি আমরা সেনাবাহিনীর মাধ্যমে। এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার। ওখানে আমরা একটা নগদ টাকা দেওয়ার চিন্তা ভাবনা করছি। যার পরিমান এক কোটি।
বিসিবির পাঠানো ব্যাগে কী কী থাকছে জানতে চাইলে ফারুক বলেন, ‘একটা ব্যাগে যা থাকে, শুকনো খাবার থাকে। আপনারা জানেন রান্নার সুযোগ নেই। চিড়া, মুড়ি, গুড়, বিস্কিট, তারপর মোমবাতি, লাইট, স্যালাইন এগুলো দিয়ে করেছে। ’
বন্যার পানি কমতে শুরু করলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ব্যবস্থাতেও বিসিবি কাজ করবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পরের ধাপেও বড় অঙ্কের সাহাজ্য দেওয়া হবে বলে জানান বিসিবির নতুন সভাপতি।








