দশ দিনের ব্যবধানে আবারো পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল আনতে যাচ্ছে সরকার। পুলিশ সদর দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ডিআইজি পদমর্যাদর তিন কর্মকর্তার পদে রদবদলের সারসংক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তিনি জানান, ময়মসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বদলি করে পুলিশ সদর দপ্তরে আনা হচ্ছে। খুলনা রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝিকে ময়মসিংহ রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি হুমায়ূন কবিরকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হতে পারে।
নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা আরো বলেন, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) বিনয় কৃষ্ণ বালা অতিরিক্ত আইজিপির দায়িত্ব পাওয়ায় ওই পদটি বর্তমানে শূন্য রয়েছে। এ পদে দায়িত্ব পেতে পারেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
গত ২৩ মার্চ অতিরিক্ত আইজিপির দুটি শূন্যপদসহ পুলিশের মাঠ পর্যায়ের শীর্ষ পদে রদবদল করা হয়। পুলিশ সদর দপ্তরের ডিআইজি বিনয় কৃষ্ণ বালা এবং ডিআইজি (টেলিকম) নওশের আলীকে অতিরিক্ত আইজি হিসেবে চলতি দায়িত্ব দেয়া হয়।
এছাড়াও খুলনা রেঞ্জের ডিআইজি মুনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়। খুলনা রেঞ্জের ডিআইজির দায়িত্ব দেয়া হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার দিদার আহমেদকে।
সেসময় ঢাকা রেঞ্জের ডিআইজির শূন্যপদে নিয়োগ পান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিক আহমেদ। ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামানের চাকরির মেয়াদ শেষ হওয়ায় ওই পদটি শূন্য হয়।







