গোয়া (ভারত) থেকে: পাকিস্তান, আফগানিস্তানসহ এ অঞ্চলের দেশগুলোর সমস্যা সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একমত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আনুষ্ঠানিকভাবে ব্রিকস সামিট শুরুর আগে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এমনটি বলেন পুতিন। প্রেসিডেন্ট পুতিন আরো বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ব্রিকসের লক্ষ্যেরই আয়না।
নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তানের সঙ্গে সীমান্তে সমস্যাটি যে জঙ্গিবাদের সঙ্গে সম্পর্কিত রাশিয়া তা বুঝতে পেরেছে। জঙ্গিবাদ এবং তার মদদদাতাদের বিরুদ্ধে রাশিয়াও জিরো টলারেন্স দেখাবে।
আনুষ্ঠানিক সম্মেলনের আগের দিন ব্রিকস দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা রুদ্ধদ্ধার বৈঠকে বসেন। রাশিয়া এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ব্রিকস সম্মেলনে যোগ দিকে ভারতের গোয়ায় পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এবং সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাসহ জোটের অন্য নেতারা।
নরেন্দ্র মোদি বলেন, তাদের বৈঠক অত্যন্ত সফল হয়েছে।
ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ার পরিস্কার বক্তব্য জঙ্গিবাদকে দমন করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর এটাই পারে ব্রিকসকে তাদের লক্ষ্যে পৌঁছুতে।
দু’দেশের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারকও সই হয়েছে।
ব্রিকস বিমসটেক আউটরিচ সামিটে যোগ দিতে রোবার সকালে ভারতের গোয়ায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের কথা রয়েছে।







