ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ছাড়াই এল ক্লাসিকোতে মাঠে নামতে হবে বার্সেলোনাকে। স্প্যানিশ স্পোর্টস ট্রাইব্যুনালে বার্সেলোনার আপিলের নিষ্পত্তি রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে হচ্ছে না। এটা নিশ্চিত হওয়ার পর এই ফরোয়ার্ডকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি।
মালাগার বিপক্ষে ০-২ গোলে হেরে যাওয়া ম্যাচে রেফারিকে ব্যঙ্গ করেন বার্সা তারকা। স্প্যানিশ লিগের নিয়মানুযায়ী কোনও খেলোয়াড় রেফারিকে অপমানজনক অঙ্গভঙ্গি করলে একাধিক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়।
দুই হলুদ কার্ড দেখায় এমনিতে পরের ম্যাচটিতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারতেন না নেইমার। এরপর অঙ্গভঙ্গি বিষয়ক নিষেধাজ্ঞা পাওয়ায় ২৩ এপ্রিলের এল ক্লাসিকো এবং ওসাসুনার বিপক্ষে খেলা হচ্ছে না।
স্পেনের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (টিএডি) বার্সা আপিল করে। শনিবার টিএডি এক জরুরি সভাও ডাকে; কিন্তু এর সব সদস্য উপস্থিত না হতে পারায় সভা হয়নি। বার্সেলোনা তাই ২৫ বছর বয়সী নেইমারকে দলে না রাখার সিদ্ধান্ত নেয়।
রোববার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় লা লিগায় রিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।








