নাশকতা ঠেকাতে রাজধানীতে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। গুলশান ও তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার জানান, যে-কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশের ওপর আঘাত আসলে পাল্টা জবাব দেওয়া হবে বলেও জানায় তারা।
গত একমাসে রাজধানী এবং রাজধানীর বাইরে ঘটে যাওয়া বেশ কয়েকটি হত্যাকা- এবং নাশকতার ঘটনার পর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। ফ্রান্সের সন্ত্রাসী কর্মকাণ্ডের পর শনিবার সকাল থেকে রাজধানীর তল্লাশি চৌকিগুলোতে বেড়েছে তৎপরতা।
তবে পুলিশের সিনিয়র কর্মকর্তারা বলছেন, এটি চলমান কার্যক্রমেরই অংশ। ফ্রান্সের ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদ জানান, নিয়মিত তল্লাশী চালানো হচ্ছে, চলছে ফুট ও মোটরসাইকেল পেট্রোল। গোয়েন্দা তৎপরতাও অব্যাহত আছে।
তেজগাঁও জোনের ডিসি বিপ্লব সরকার বলেন, কখনো ইউনিফর্ম আবার কখনো প্লেইন পোশাকে কাজ করছে পুলিশ। দিনে-রাতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
তল্লাশি কার্যক্রম মনিটর করতে মধ্যরাতেও বিভিন্ন পয়েন্টে ঘুরছেন তারা। রাস্তায় চলাচলকারী ব্যক্তিগত গাড়ি, সিএনজি এমনকি মটরসাইকেল আরোহীকেও যেতে হচ্ছে পুলিশি তল্লাশির ভেতর দিয়ে।
তেজগাঁও জোনের ডিসি জানান, পুলিশ সতর্ক হয়ে দায়িত্বপালন করছে, আঘাত আসলেই সমুচিত পাল্টা জবাব দেয়া হবে।
গুলশান জোনের ডিসি বলেন, ধাপে ধাপে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কাজও করা হচ্ছে।
ডিসেম্বর মাসের মধ্যে পুরো গুলশান-বনানী এলাকা সিসি ক্যামেরার আওতায় আনতে ৩শ’ ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের কাজ চলছে। জানালেন পুলিশের গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার।







