নব্য জেএমবির বর্তমান প্রধান আইয়ুব বাচ্চুকে অচিরেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
রোববার দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।
শহিদুল হক বলেন, আইয়ুব বাচ্চু এই মুহূর্তে পুলিশের নজরদারিতে রয়েছে। অচিরেই তাকে গ্রেফতার করা হবে।আমরা জানতে পেরেছি, আইয়ুব বাচ্চু এখন নব্য জেএমবিকে নেতৃত্ব দিচ্ছে। অর্থ সরবরাহ ও কর্মী সংগ্রহ তার নির্দেশে হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর মতে, নব্য জেএমবির বর্তমান আমির আইয়ুব বাচ্চু। মইনুল ওরফে মুসা মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় নিহত হওয়ার পর আইয়ুব বাচ্চু নব্য জেএমবির প্রধান হন। এটা তার ছদ্মনাম।
তিনি বলেন, দেশ থেকে জঙ্গিদের চিরতরে নির্মূল করা হবে। জঙ্গিরা যত শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।
শহীদুল হক বলেন, জঙ্গিদের বিরুদ্ধে সরকারে নীতি হলো ‘জিরো টলারেন্স’। জনগণকে সরকার আহ্বান জানিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন এবং আমরাও (পুলিশ) আহ্বান জানিয়েছি। আমাদের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মাওলানা, আলেম এরা সবাই এগিয়ে এসেছেন; জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।
তিনি বলেন, আমাদের যথেষ্ট অর্জন আছে, কিন্তু আমরা এখনও (জঙ্গিদের) নির্মূল করতে পারিনি- এটা সত্য; কিন্তু জঙ্গিদের শক্তি আমরা ভেঙে দিয়েছি।
ঢাকার ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথযাত্রায় জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। বলেছেন প্রত্যেক ধর্মের লোক তাদের ধর্মকর্ম নিরাপদে পালন করবে। নিরাপত্তা ব্যবস্থা আমরা দেবো।








