জঙ্গিদের অর্থ সংগ্রহের জন্যে ঢাকার আশপাশে ও দিনাজপুরে ব্যাংক ডাকাতির চেষ্টা নস্যাৎ করে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা আটকের পর ৯ জঙ্গি জানিয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠন নিষিদ্ধ হওয়ার কারণে নতুন মোড়কে সংগঠিত হচ্ছে তারা।
পুলিশ জানায়, গত ১ মাসে জঙ্গি সংগঠন জেএমবি, হুজিবি, আনসার উল্লাহ বাংলা টীম ও আইএস জঙ্গিরা ছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের আদলে গড়া নতুন নতুন সংগঠনের জঙ্গি নেতারা।
এদের ধরতে জাল পাতে ডিবি পুলিশ। তাদের জালেই ধরা পড়লো ৯ জঙ্গি। সুত্রাপুরের একটি বাসায় বসে ব্যাংক ডাকাতির প্রস্তুতির সময় তাদেরকে আটক করা হয়। এ সময় উদ্ধার হয় বিস্ফোরক ও বোমা তৈরি উপকরণ।
ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, বাংলাদেশের আইনে এসব জঙ্গিদের তৎপরতা নিষিদ্ধ আছে। আমরা দেখতে পাচ্ছি আইন-শৃঙ্খলা বাহিনীর চাপ থাকায় তারা অর্থ সঙ্কটে পড়তে পারে।
তিনি জানান, আইএস’র এর আদলে তারা বাংলাদেশ জিহাদী গ্রুপ নামে জঙ্গি সংগঠিত করছিলো বলে গ্রেফতার হওয়া জঙ্গিরা জানিয়েছে।
কৃষ্ণপদ রায় আরো বলেন, এই জঙ্গিদের মধ্যে কেউ কেউ বোমা তৈরির কাজে বেশি দক্ষ। আর কেউ কেউ ধর্মীয় কথা শুনিয়ে ব্রেইনওয়াশ করতে পারে। কারো কারো মানুষকে সংগঠিত করতে সম্মোহন করার ক্ষমতা আছে।
কয়েকদিন আগে ডিবির এমন আরেকটি জালে ধরা পরে আইএস সদস্য গালিব। বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে আইএস’র আদলে গালিবের নেতৃত্বে গড়া জুনুদ আল তাওহীদ ওয়াল খিলাফাহর আরও এক জঙ্গি মুনতাছিরকে বনানী এলাকা থেকে আটক করে ডিবি।






