প্রথম ম্যাচে হোঁচট খেতে খেতেও শেষ পর্যন্ত জয়ে সন্তুষ্ট বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। দীর্ঘ বিরতির কারণে এরকম অবস্থার সৃষ্টি হয়েছিল বলে মনে করছেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তবে, আগামী ম্যাচগুলোতে টাইগাররা নিঃশঙ্কচিত্তেই মাঠে নামবে বলে আশা করছেন তিনি।
টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদও বলেছেন, বিরতির ঘাটতি কাটিয়ে দ্রুত আগের মতো পারফরম্যান্সে ফিরতে চায় টিম টাইগার্স।
২০১৫ সালে ভারত, পাকিস্তান আর সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে সফলতম বছরের খাতায় নাম লিখিয়েছে বাংলাদেশ দল। তাই আফগানিস্তানের মতো দলের বিপক্ষে প্রথম ম্যাচে ৭ রানের জয়ে ভ্রু কুঁচকেছেন অনেকে।
তবে শেষ পর্যন্ত জয় মানে জয়, তাই সন্তুষ্টি। জয়ের আনন্দের সঙ্গে দ্বিতীয় ম্যাচের আগে দু’দিন বিরতি থাকায় ক্লান্তি পেছনে ফেলে ঘাটতি মেটাতে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। তবে কিছুটা সময় ওয়ার্ম-আপ করতেই বৃষ্টির বাধা।
দশ মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরে কিছুটা নার্ভাসই ছিল দল। দাঁড়াতে পারেননি ওপেনার সৌম্য সরকার। কিন্তু, দলের প্রয়োজনে ঘুরে দাঁড়াতে জানে টাইগাররা, তাসকিন-রুবেলরা সেটার জানানও দিয়েছেন।
সিনিয়রের সঙ্গে একমত মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব-তাসকিনের অনন্য ভূমিকার পাশাপাশি সজাগ নিজের পারফরম্যান্স নিয়েও।
আন্তর্জাতিক ম্যাচে নিজেদের ঘাটতি পূরণে কাজ করছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে জয়টা সহজ করতে চলছে নতুন পরিকল্পনা।
২৮ সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।







