প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী কাজী শুভর নতুন মিউজিক ভিডিও। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে এই শিল্পীর প্রকাশ হওয়া গানের নাম ‘কান্দিতে কান্দিতে’।
বৃহস্পতিবার ফোক ধাঁচের এই গানটি ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক কটেজ’-এ প্রকাশ পেয়েছে।
পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে। এ গানটি প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন জনপ্রিয় গীতিকার কবির বকুল, ক্লোজআপ তারকা কিশোর, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও জনপ্রিয় সংগীত শিল্পী ধ্রুব গুহ এবং গান সংশ্লিষ্ট অনেকেই।
কাজী শুভ বলেন, ধ্রুব মিউজিক স্টেশনের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তাই গানটির কথা, সুর এবং মিউজিকের প্রতি বিশেষ নজর দিয়েই কাজটি করেছি। আমিও আমার গায়কীর সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। গানের সাথে মিল রেখে দারুণ গল্পে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করছি দর্শক-শ্রোাতাদের ভালো লাগবে।
কান্দিতে কান্দিতে গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন মুহাম্মদ মিলন আর সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। লোকজ ঘরানার এই গানের কথার সঙ্গে মিল রেখে গ্রামীণ আবহে বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন তপু খান।
মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন নিরব, জাফিয়া এবং আজাদ।
এর আগে ‘কান্দিতে কান্দিতে’ গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হয়েছিল সংগীত শিল্পী ও সুরকার মুহাম্মদ মিলনের ‘মিলন এক্সক্লুসিভ’ সুরে মিক্সড অ্যালবামে। একাধিক জনপ্রিয় সংগীত শিল্পীর সমন্বয়ে পাঁচটি গান দিয়ে সাজানো হয়েছিলো অ্যালবামটি।








