দুবাইয়ে পা রেখেই তড়িঘড়ি নেমে পড়েছিলেন প্রথম ম্যাচে। তাতে মেলেনি প্রকৃত তামিম ইকবালের দেখা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরলেন বাংলাদেশি ওপেনার। ব্যাট হাতে পেশোয়ার জালমিকে এনে দিলেন দুরন্ত সূচনা।
শনিবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩৯ রান করেছেন তামিম। বল খেলেছেন ২৯টি। ছক্কা ও চারের মার ছিল সমান দুটি করে।
পাকিস্তানি ওপেনার কামরান আকমলকে নিয়ে প্রথমে একটু রয়েসয়ে খেলে পেশোয়ারকে ৬৯ রানের দুরন্ত সূচনা এনে দেন তামিম। কামরান ৩২ বলে ৫৩ রান করে ফিরলে ক্যারিবীয় ব্যাটসম্যান ডোয়াইন স্মিথকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন টাইগার তারকা।
পরে আন্দ্রে রাসেলের বলে শাদাব খানের হাতে ধরা পড়লে থামে তামিমের ইনিংস। এর কিছুক্ষণ পর ২১ বলে ৩০ রান করে ফিরেছেন স্মিথও।
শুরুটা ঝড়ের গতিতে হলেও শেষটা ভাল হয়নি জালমির। প্রথম ১০ ওভারে এক উইকেটে ১০০’র বেশি রান তুললেও শেষ ১০ ওভারে ব্যাটে তেমন একটা ঝড় তুলতে পারেননি ব্যাটসম্যানরা। শেষদিকে মোহাম্মদ হাফিজ (৩০) ছাড়া অন্য কোন ব্যাটসম্যান উল্লেখ করার মত রান করতে পারেননি। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৭৬ রানে থামে জালমির ইনিংস।
তামিমের রান পাওয়ার দিনে জয় পেয়েছে তার দল। ইসলামাবাদকে ৩৪ রানে হারিয়েছে হলুদ জার্সিধারীরা। ১৭৭ রানের টার্গেটে ৯ উইকেটে ১৪২ রানে থামে ইসলামাবাদ। দলের হয়ে ফাহিম আশরাফ ৫৪ ছাড়া বাকিদের কেউই বলার মত রান করতে পারেননি।









