সাগরে ভাসমান মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার ২শ’৮ অভিবাসীর মধ্যে সনাক্ত হওয়া ১শ’৫০ জন বাংলাদেশী নাগরিককে ফেরত আনা হয়েছে।
সোমবার বেলা ১১টায় বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে বিজিবি’র ১০ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমার যাওয়ার পর ঢেকিবনিয়া সীমান্তে মিয়ানমার ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিস্ট্রি ডিপার্টমেন্ট’র সঙ্গে বিজিবি’র পতাকা বৈঠক হয়।
বৈঠকের পরই ফিরিয়ে আনা হয় তাদের। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১৭ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার সাইফুল আলম। মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন মিয়ানমার ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিস্ট্রি ডিপার্টমেন্ট পরিচালক চ নারিং।
উদ্ধার বাংলাদেশীদের মধ্যে আছেন ১৭টি জেলার নাগরিক । এদের মধ্যে নরসিংদীর ৫৫ এবং কক্সবাজারের ৩৪ জন। ফেরত আনা নাগরিকদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।






