যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসে থমকে গেলেন সাকিব আল হাসান। ‘নিরাপত্তা শঙ্কা’ থাকায় তার দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ। অতি নাটকীয় কিছু না হলে বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের। দুবাই থেকেই ফিরে যেতে হতে পারে যুক্তরাষ্ট্রে। সাকিব নিজেই দেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে এ খবর জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমকে সাকিব জানান, নিজের নিরাপত্তার জন্যই এখন দেশে ফিরতে পারছেন না তিনি।
‘দেশে ফেরার কথা ছিল… কিন্তু এখন হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যই…।’
সাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে চ্যানেল আই অনলাইন। হোয়াটস অ্যাপে কল করে পাওয়ায় যায় তাকে। তবে এ মুহুর্তে খুব বেশি ব্যস্ত হয়ে পড়ায় কথা বলতে পারেননি।
দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে চলছে সভা। সেখানে আছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তাদের সঙ্গে আলোচনা হতে পারে সাকিবের।
গতকাল বুধবার নির্বাচক হান্নান সরকার ফেসবুক পোস্টে ইঙ্গিত দেন সাকিব ফিরছেন এবং মিরপুরেই হতে যাচ্ছে কিংবদন্তি ক্রিকেটারের শেষ টেস্ট। বিকেলে আনুষ্ঠানিকভাবে মিরপুর টেস্টের দল ঘোষণা করে বিসিবি। সাকিবকে রাখা হয় স্কোয়াডে।
এরপর থেকে আলোচনায় সাকিবের দেশে ফেরা। সরকার পরিবর্তনের পর সাবেক সরকারের এমপি আর দেশে ফেরেননি। ছাত্র আন্দোলনের সময় থেকেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য তিনি দেশের বাইরে। তারপরও দেশে হত্যা মামলার আসামী করা হয় তাকে। যে কারণে সাকিবের দেশে ফেরার পথ কঠিন হয়ে পড়ে।







