সারাবিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ৬ জন।
মৃত ব্যক্তির বয়স সত্তরোর্ধ্ব বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।
মঙ্গলবার বিকালে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে তথ্য জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, ‘দেশে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির বয়স ছিল সত্তরোর্ধ্ব। সৌদি আরব থেকে ওমরাহ করে সম্প্রতি দেশে ফিরেছিলেন। তিনি বহুদিন যাবত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সবমিলিয়ে মৃতের সংখ্যা চার।’
‘‘এ নিয়ে করোনা ভাইরাসে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। বাকি পাঁচজন আগের রোগীদের সংস্পর্শে থেকে আক্রান্ত হয়েছেন।’’

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৭১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩৯। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন আক্রান্ত হয়েছেন। এই ছয়জনের মধ্যে একজন মারা গেছেন।
ডা. ফ্লোরা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে এক হাজার ৭০০টি কল এসেছে। এর সবই করোনাভাইরাস সংক্রান্ত। এখন পর্যন্ত আইসোলশনে, যাদের কেউ নিশ্চিত শনাক্ত অথবা সন্দেহভাজন, এমন আছেন ৪০ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৬ জন।
সামাজিক বিচ্ছিন্নকরণের মাধ্যমেই করোনার সংক্রমণ রোধ করার পরামর্শ দিয়ে ড. সেব্রিনা ফ্লোরা বলেছেন, ‘সাবান পানি দিয়ে নিয়মিত হাত ধোয়ার বিকল্প নাই।’
গতকাল সোমবার করোনা ভাইরাস সংক্রমণরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।
এছাড়াও একই সময় পর্যন্ত সারাদেশে গণপরিবহন বন্ধ (লকডাউন) রাখার কথাও জানানো হয়েছে।
এই সময়ে অতি প্রয়োজন ছাড়া সবাইকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে আজ থেকেই মাঠে নেমেছে সশস্ত্রবাহিনীর সদস্যরা।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে এতে সারাবিশ্বে এখন পর্যন্ত ৩ লাখ ৮২ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন ১৬ হাজার ৫৬৯ জন। এছাড়াও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন লক্ষাধিক মানুষ ।







