জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মসমর্পন করতে বেগম খালেদা জিয়াকে ৩১ আগস্ট হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন তৃতীয় বিশেষ জজ আদালত।
একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দেয়া সাক্ষ্য এতিমদের জন্য টাকা সৌদি আরব থেকে এসেছিলো বলে তথ্য দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত খন্দকার আব্দুস সাত্তার।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিজে আদালতে হাজির হয়ে বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য্য ছিলো বৃহস্পতিবার। তবে এই মামলার একটি আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকার কথা জানিয়ে সময়ের আবেদন করেন বেগম খালেদা জিয়া।
আদালত ওই আবেদন মঞ্জুর করে তাকে পরবর্তী তারিখে হাজির হতে বলেন। এরপর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাক্ষ্য দেন সাবেক রাষ্ট্রদূত খন্দকার আব্দুস সাত্তার ও দুই ব্যাংক কর্মকর্তা।
সাবেক রাষ্ট্রদূতের সাক্ষ্য আইনানুগ প্রক্রিয়ায় হয়নি বলে দাবি করেছে আসামীপক্ষ।জিয়া অরফানেজ ট্রাস্ট মামলারও পরবর্তী তারিখ ৩১ আগস্ট।
তবে ওই মামলায় বেগম খালেদা জিয়াকে সশরীর হাজিরা দিতে হয় না। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও এ মামলায় নিয়মিত আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারছেন।








