দিনাজপুরের বিরামপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম নাজমুল (৫০)। তিনি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মালগাঁ গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিরামপুর উপজেলার মৌপুকুর বিলের পাড় গ্রামে সোমবার দিবাগত রাত পৌনে ২টায় সামসুল মণ্ডলের বাড়িতে ১৫/২০ জনের ডাকাত ঢোকে। তারা বাড়ির লোকজনকে মারধর ও মালামাল তছনছ করা শুরু করলে সবাই চিৎকার শুরু করে। চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন গ্রামবাসী ওই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত নাজমুলকে উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গৃহকর্তা বাদী হয়ে বিরামপুর থানায় একটি মামলা করেছেন।







