ইনজুরির কারণে কিপিং করতে না পারলেও দলের প্রয়োজনে আগামীকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করবেন মুশফিকুর রহিম। আর ইনজুরিতে পড়া দলের ওপেনার ইমরুল কায়েসের এক্স-রে রিপোর্ট পেতে আরো সময় লাগবে। তার বাম উরুতে টান পড়েছে। মুশফিক-ইমরুলের অবস্থার কথা জানিয়েছেন বিসিবি’র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
বিসিবি মিডিয়া জানান, মুশফিক সোমবার ব্যাট করতে পারবেন এবং অধিনায়ক ব্যাট হাতে নামবেন। তবে ডান হাতের বুড়ো আঙ্গুলে ব্যাথা পাওয়া অধিনায়ক খুব দরকার না পড়লে আর ব্যাটিং ও কিপিং কোনটাই করবেন না।
ব্যাটিংয়ের সময় নিউজিল্যান্ড পেসারদের একটি বাউন্সার মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত করে। আরেকটি বাউন্সার বাঁ-হাতের তর্জনীতে লাগে। ব্যথার কারণে শনিবার ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। এরপর রোববার টেস্টের চতুর্থ দিনেও মাঠে নামতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।
নিউজিল্যান্ডের সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে মুশফিক ২৬০ বলে ১৫৯ রানের দারুণ ইনিংস খেলেন। এটি তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। প্রায় আড়াই বছর পর এই সেঞ্চুরি পেয়েছেন তিনি। ২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি করেছিলেন তিনি।








