ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে মোট ৭ হাজার ১শ ২৮ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের এক হাজার ৭৫০টি, মানবিক অনুষদভুক্ত খ ইউনিটের দুই হাজার ৩৭৮টি, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের এক হাজার ২৫০টি, সম্মিলিত অনুষদ ঘ ইউনিটের এক হাজার ৬১৫টি ও চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ১৩৫টি। গত বছর এ সংখ্যা ছিল সাত হাজার ১০৮টি। এ বছর ২০ টি আসন বাড়ানো হয়েছে।
এবার ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর, খ ইউনিটের ২১ সেপ্টেম্বর, গ ইউনিটের ১৪ সেপ্টেম্বর, ঘ ইউনিটের ১২ অক্টোবর ও চ ইউনিটের লিখিত পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর এবং অংকন হবে ২২ সেপ্টেম্বর। ক, খ ও ঘ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১০ সেপ্টেম্বর হতে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত, গ ও চ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ই সেপ্টেম্বর হতে পরীক্ষা দিন সকাল ৯টা পর্যন্ত।
ক ইউনিটে আবেদন করার যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৮.; এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম ৩.৫। খ ইউনিটে মোট জিপিএ ৭.; এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম ৩.০। গ ইউনিটে মোট জিপিএ ৭.৫; এসএসসি এবং এইচএসসিতে নূন্যতম ৩.৫। ঘ ইউনিটে বিজ্ঞান অনুষদভুক্তদের ৮.০ কলা অনুষদভুক্তদের ৭.০ ও বাণিজ্য অনুষদভুক্তদের ৭.৫। চ ইউনিটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.৫; এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম ৩.০।
আরও জানানো হয়, অনলাইনে ভর্তির আবেদন ৩১ জুলাই বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয়ে আগামী ২৬ আগস্ট রাত বারোটা পর্যন্ত চলবে। টাকা জমা দেয়ার শেষ তারিখ ২৮ আগস্ট। চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক তথা সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায় টাকা জমা দেয়া যাবে। পরীক্ষার কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।








