নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বিষয়ে সর্বোচ্চ আদালতের আদেশ রোববার।
এই মামলায় অভিযোগ গঠন বাতিল প্রশ্নে রুল খারিজের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ আদেশের দিন ধার্য করেন।
আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান।
এর আগে ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিল প্রশ্নে জারি করা রুল গত ৮ আগস্ট খারিজ করে দেন বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ। ওই রায়ের ফলে বিচারিক আদালতে এই মামলা চলতে বাধা দূর হয় বলে জানান কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষের আইনজীবী খুরশিদ আলম খান। তবে এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের এক শ্রম পরিদর্শক। গত ৬ জুন এই মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক। তবে অভিযোগ গঠনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ও মামলার পরবর্তী কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূসসহ চারজন। অপর তিন আবেদনকারী হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।








