মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর মাইকেল স্টিভেন স্যানফোর্ড নামের ২০ বছর বয়সী ওই ব্রিটিশ যুবক জানান, তিনি সত্যিই ট্রাম্পকে গুলি করতে চেয়েছিলেন।
ট্রাম্পকে হত্যার পরিকল্পনা তিনি করছিলেন প্রায় বছর খানেক ধরে। তবে এতদিনে যথেষ্ট সাহস জোগাতে পেরেছেন বলে পুলিশকে জানান স্যানফোর্ড।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রচার র্যালিতে ট্রাম্পকে গুলি করার উদ্দেশ্যে কাছে থাকা এক পুলিশ কর্মকর্তার পিস্তল নেয়ার চেষ্টা করেন স্যানফোর্ড। ওই সময় তাকে গ্রেফতার করা হয়। ট্রাম্পের অটোগ্রাফ নেয়ার অজুহাতে তিনি অতটা কাছাকাছি গিয়েছিলেন।
স্যানফোর্ডকে সেদিনই নেভাডার এক আদালতে হাজির করা হলেও তিনি আত্মপক্ষ সমর্থন করেননি। ৫ জুলাই এ বিষয়ে শুনানির দিন ধার্য করে তাকে জেল হাজতে পাঠান আদালত। ‘সংরক্ষিত প্রবেশাধিকারের এলাকায় সহিংসতা’র অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
অন্যদিকে ঘটনার দিনই ট্রাম্পের প্রচার ব্যবস্থাপক কোরি ল্যাবেনডস্কি সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে কী কারণে তিনি সরে যাওয়ার ঘোষণা দিলেন তা জানা যায়নি। ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র গণমাধ্যমকে বলেছে, তাকে বরখাস্ত করা হয়েছে।








