সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হওয়ার পর ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে’র কণ্ঠে এখন স্থিতিশীলতার গান, লক্ষ্য ক্ষমতায় থেকে যাওয়া। শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণার একেবারে শেষ মুহূর্তে এটি যখন নিশ্চিত হয়ে গিয়েছে যে সরকার গঠনের জন্য কাঙ্ক্ষিত ৩২৬টি আসন তিনি পাচ্ছে না, তখন তার বক্তব্যে এ বিষয়টি স্পষ্ট হয়েছে।
নির্বাচন পরবর্তী বক্তব্যে টেরেসা মে বলেছেন, এ্ই সময়ে আমাদের দেশে অন্য যেকোন কিছুর চেয়ে স্থিতিশীল অবস্থা বেশি প্রয়োজন।এখন পর্যন্ত নির্বাচনের যা ফলাফল তা যদি সঠিক হয়ে থাকে তাহলে কনজারভেটিভ পার্টি অধিকাংশ আসন পেয়েছে এবং সম্ভবত সব থেকে বেশি ভোটও পেয়েছে এবং আমরা দেশকে স্থিতিশীল করতেই কাজ করা অব্যাহত রাখবো।
নির্বাচনে অংশ নেয়ায় দেশবাসী এবং যারা কনজারভেটিভ পার্টিকে ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে টেরেসা আরও বলেন: নির্বাচনের প্রচারণাতেই আমরা বলেছি ব্রিটিশ জনগণের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়কেই আমরা আগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে থাকি। বিশেষ করে ব্রেক্সিট ইস্যুতে এবং অন্যান্য যেসব চ্যালেঞ্জের সম্মুখিন হচ্ছি তার সবকিছুই জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সমাধান করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমি ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত এই বিষয়টি মাথায় রেখেই কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পরেও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কোন ইচ্ছা নেই বলে জানিয়েছেন তিনি।

ফলাফল থেকে দেখা গেছে, যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তারপরও তারা সব থেকে বড় পার্টি হিসেবে বিবেচিত হবে। ফলাফলের উপর ভিত্তি করে বলা হচ্ছে যে এবারের নির্বাচনের ফলে দেশটিতে কোন দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না। ফলে তাদের পার্লামেন্টের অবস্থা হবে ‘ঝুলন্ত’।
এখন পর্যন্ত প্রাপ্ত ৬৪৪টি আসনের ফলাফল অনুযায়ী, কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৫টি আসন। লেবার পার্টি পেয়েছে ২৬১ আসন। এসএনপি ৩৫ আসন। লিব ডেম পেয়েছে ১২ আসন। অন্যান্য দল পেয়েছে ২১ আসন। এখনও বাকি রয়েছে ৬টি আসনের ফলাফল। এই ৬টি আসন পেলেও তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না।
২০১৫ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি ৩৩১টি আসন পেয়ে ক্ষমতায় ফিরেছিল। প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি পেয়েছিল ২৩২টি আসন।
পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমনসের মোট আসন ৬৫০টি। কোনো দল সরকার গঠন করতে চাইলে এককভাবে ৩২৬ আসন পেতে হবে। তবেই মিলবে সংখ্যাগরিষ্ঠতা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হয়েছিল।এখনও ফলাফল ঘোষণা করা হচ্ছে।








