যুক্তরাষ্ট্রের টেক্সাসে গুলি চালিয়ে ২৬ জনের প্রাণ কেড়ে নেয়া ডেভিন প্যাট্রিককে নিয়ে সার্চ রেজাল্টে ‘ভুল তথ্য’ দেখানোয় দুঃখ প্রকাশ করেছে টেক জায়ান্ট গুগল। সার্চে এই ঘাতকের সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে টুইটারের জনপ্রিয় টুইটগুলো দেখিয়েছিলো গুগল।
এসব টুইটে ডেভিনকে একজন মুসলিম ও বাম চরমপন্থি হিসেবে দাবি করা হয়েছিলো। এসব তথ্য ব্যবহারকারীদেরকে ডেভিন সম্পর্কে ভুল ধারণা দেবে।
গুগলের কর্মকর্তা ড্যানি সালিভান নিজের এক টুইট বার্তায় বলেন: ওই টুইটগুলো গুগলের অ্যালগরিদম সিস্টেমের মাধ্যমে প্রদর্শিত হয়েছে, যা নিয়ে কাজ করা সম্ভব। আমরা এটিকে ঠিক করতে চাই।
তিনি আরো বলেন: ভুল পথে পরিচালিত করতে পারে এমন তথ্য উপস্থাপনের জন্য আমরা আমাদের প্রাপ্য সমালোচনা পেয়েছি। ভবিষ্যতে এই ফিচারের আরো উন্নতি হবে।
এর আগে গত মাসে লাস ভেগাসের বন্দুক হামলার ঘটনায় সার্চ পেইজে ‘ফেক নিউজ’ সবার ওপরে দেখানোর অভিযোগে গুগলের সমালোচনা হয়।
বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে গির্জায় প্রার্থনারতদের উপর ডেভিন প্যাট্রিকের চালানো এলোপাথাড়ি গুলিতে ২৬ জন নিহত হয়েছেন। উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস ব্যাপটিস্ট চার্চে এই হামলার ঘটনা ঘটে।
২০১২ সালে পারিবারিক সহিংসতার কারণে বিমান বাহিনীর বহিস্কৃত সদস্য কেলির সামরিক আদালতে বিচার হয় বলে জানায় বিবিসি।
এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানায়, প্রাথমিকভাবে জানা যাচ্ছে কেলির সামরিক আইনের বিচারের তথ্য জাতীয় অপরাধ তথ্য কেন্দ্রের ডাটাবেজে ছিল না। এখন প্রতিরক্ষা বিভাগ তার অপরাধের ইতিহাস তদন্ত করছে।
টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, অস্ত্র কেনার জন্য কেলির আইনগত অনুমোদন ছিল না। কেনার পর তাকে বন্দুকের মালিক হিসেবেও স্বীকৃতি জানানো হয়।
গত বছর সান অ্যান্টোনিও শহরের একাডেমি স্পোর্টস প্লাস দোকান থেকে কেলি বন্দুকটি কেনে।








