টালমাটাল অবস্থায় চেলসির হাল ধরা কোচ অ্যান্তোনিও কন্তে তার কাজের পুরস্কার পেলেন। সুযোগ-সুবিধা বাড়িয়ে তার সঙ্গে সম্পর্কের বাঁধনটা আরো শক্তিশালী করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
কন্তে দায়িত্ব নিয়ে চেলসিকে করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। মাঠ এবং মাঠের বাইরে দলকে করেছেন সংঘবদ্ধ। নতুন চুক্তিতে মেয়াদ পরিবর্তন হয়নি। ২০১৮-১৯ মৌসুম পর্যন্ত চেলসিকে কোচিং করানোর জন্য বাৎসরিক ৯০ লাখ পাউন্ড করে দেয়া হবে তাকে।
চেলসির সঙ্গে এমন চুক্তিতে আসায় দারুণ খুশি কন্তে। ইতালি জাতীয় দল এবং জুভেন্টাসকে কোচিং করানো কোচ চেলসির অফিসিয়াল ওয়েবসাইটে ধন্যবাদ দিয়েছেন ক্লাবকে, ‘চেলসির সঙ্গে নতুন চুক্তিতে আসায় আমি দারুণ আনন্দিত। একটা ভালো ফলাফলের আশায় আমরা গত বছর কঠিন পরিশ্রম করেছি। এজন্য আমি ভীষণ গর্বিত। এখন থেকে আমরা এর থেকে বেশি পরিশ্রম করবো আরও ভালো কিছুর আশায়।’
২০১৫-১৬ মৌসুমে পয়েন্ট টেবিলের দশ নম্বরে থেকে লিগ শেষ করেছিল চেলসি। ২০১৬তে ক্লাবটির দায়িত্ব নিয়ে শুরুটা অবশ্য ভালো ছিল না কন্তের। এরপর থেকেই আমূল পরিবর্তন ঘটায় বর্তমান ইংলিশ চ্যাম্পিয়নরা। লিগ রার্নাসআপ টটেনহ্যামের থেকে সাত পয়েন্টে এগিয়ে টুর্নামেন্ট শেষ করে দলটি। কঠিন দুঃসময়ে তার ওপর ভরসা রাখায় সমর্থকদেরও ধন্যবাদ দিয়েছেন কন্তে। দিয়েছেন আরও ভালো কিছু করার আশ্বাস, ‘এক বছর আগে যখন এখানে আসি, তখন সমর্থকরা আমায় দারুণ সমর্থন জোগান। এখন আমাদের কাছে বিষয়টা গুরুত্বপূর্ণ যে আমাদের আরও ভালো করতে হবে।’








