মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর পরপরই তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়।
এএফপির খবরে বলা হয়, আজ (৮ জুলাই) বুধবার লেনদেন শুরুর পর বৈশ্বিক বাজারে তেলের দাম প্রায় আড়াই শতাংশ বৃদ্ধি পায়। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে। এর প্রভাবেই বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়।
বিশ্বের অন্যতম প্রধান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ২৯ মার্কিন ডলারে পৌঁছেছে। এর আগের দিন মঙ্গলবারও ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৭৬ শতাংশ বেড়েছিল।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালিসংলগ্ন বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কেশম দ্বীপে ছয়টি, সিরিক শহরে সাতটি এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসেও কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।







