যুক্তরাষ্ট্রের মার্কোস গিরনকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। মেয়েদের এককে কলম্বিয়ার ক্যামিলা ওসোরিওকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকেট কেটেছেন জাপান তারকা নাওমি ওসাকা।
সোমবার রড লেভার অ্যারেনায় ছেলেদের এককে ৬-১, ৬-৪ ও ৬-২ গেমে গিরনকে হারান ষষ্ঠ বাছাই নাদাল। পরের রাউন্ডে অস্ট্রেলিয়ার থানাসি কোকিনাকিস এবং জার্মানির ইয়ানিক হ্যানফম্যানের মধ্যকার বিজয়ীর বিপক্ষে লড়বেন তিনি।
আরও পড়ুন: জোকোভিচকে আশার আলো দেখালেন অজি প্রধানমন্ত্রী
জয়ে শুরুর পর নাদাল বলেছেন অস্ট্রেলিয়ায় আসার আগে করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় কিছুটা ক্লান্ত তিনি, ‘লক্ষণ ভালো ছিল না। চারদিন বিছানায় ছিলাম। ভালো বোধ করার পর অস্ট্রেলিয়া আসার আগে পিসিআর টেস্ট করাই, সেখানে ফলাফল নেগেটিভ আসে।’
‘পায়ের চোট থেকে পুরোপুরি ফিরে আসার জন্য কাজ করছি। কখনোই জানেন না যে কখন চোট থেকে ফিরে আসবেন। যতদিন গড়াচ্ছে, বিষয়গুলো কঠিন হচ্ছে। আমি ইতিবাচক থাকছি। খুব চ্যালেঞ্জিং মাস, কঠিন মুহূর্ত এবং অনেক সন্দেহের মাঝেও পায়ের চোট সামলাতে পেরেছি।’
মেয়েদের এককে কঠিন লড়াইয়ের পর ৬৬তম বাছাই ক্যামিলা ওসোরিওর বিপক্ষে ৬-৩, ৬-৩ সেটে জয় তোলেন নাওমি ওসাকা। স্বস্তির শুরুর পর বলেছেন, ‘খুব ভালো খেলেছি, আমার প্রতিপক্ষ সম্পর্কে আমার কাছে খুব বেশি তথ্য ছিল না।’
‘সে (ক্যামিলা) আশ্চর্যজনক ভালো খেলেছে এবং প্রতিটি পয়েন্টের জন্য লড়াই করেছে। আমি খুশি। এখানে ফিরে আসা সবসময়ই বিশেষ অনুভূতি জাগায়।’






