ওয়ার্নার ব্রাদার্সের সিনেমাকন প্রেজেন্টেশনে মঙ্গলবার প্রকাশ করা হয়েছে ‘ম্যাট্রিক্স ফোর’-এর অফিশিয়াল নাম। প্রকাশ করা হয়েছে ট্রেলার।
কল্পবিজ্ঞানধর্মী ম্যাট্রিক্স সিরিজের চতুর্থ কিস্তির নাম রাখা হয়েছে ‘ম্যাট্রিক্স: রিসারেকশন্স।’ প্রকাশিত ট্রেলারটির শুরুতে দেখা গেছে কিয়ানু রিভসের সঙ্গে কথা বলছেন থেরাপিস্ট নেইল প্যাট্রিক হ্যারিস। ট্রেলারটি সিনেমাকনের বিশেষাধিকারীদের জন্য উন্মুক্ত ছিল।
আগের তিন পর্বের মতো এই ছবিতেও কালো পোশাক ও কালো চশমায় সুপারহিরো হিসেবে দেখা গেছে তাকে। এবারের গল্পেও নিও আবিষ্কার করে মানবতা ও কৃত্রিম বাস্তবতার ফাঁদে আটকে পড়েছে।
১৯৯৯ সালে মুক্তি পাওয়া বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র ‘দ্য ম্যাট্রিক্স’-এ নিও চরিত্র দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন কিয়ানু রিভস। এই সিরিজের পরের দুই পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ (২০০৩) এবং ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ (২০০৩) দারুণ জনপ্রিয়তা পায়।
আগের তিন পর্বের মতো এবারও পরিচালক লানা ওয়াচোস্কি ও অভিনেত্রী ক্যারি-আন মোসের সঙ্গে কাজ করবেন কিয়ানু। ছবিটি মুক্তি পাবে ২২ ডিসেম্বর।








