গুঞ্জন হলো সত্যি। ডাচ অধ্যায়ের পরই শুরু হলো বাংলাদেশ ফুটবলে ইতিলিয়ান যুগ। লোডভিক ডি ক্রুইফের উত্তরসূরী হিসাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিয়েছেন ইটালির ফ্যাবিও লোপেজ। বৃহস্পতিবার নির্বাহী কমিটির বৈঠক শেষে এই সিদ্বান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
৪২ বছর বয়সী লোপেজ’কে আগামী চার মাসের জন্য জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে আনুষ্ঠানিক নিয়োগ দিয়েছে বাফুফে।
সদ্য বিদায়ী মামুনুলদের কোচ লোডভিক ডি ক্রুইফ ঢাকা ছাড়ার ১২ ঘন্টা না পেরুতেই ঘোষণা আসে ইটালির ফ্যাবিও লোপেজই হতে যাচ্ছেন বাংলাদেশের ২৫ তম কোচ। পাশাপাশি সহকারী কোচ হিসেবে কনস্টানটিনিউ জুখানিচ ও ফিজিও হিসেবে অ্যাঞ্জেলো পাভিয়া’কে নিয়োগ দিচ্ছে বাফুফে।
আগামী ডিসেম্বর পর্যন্ত মাসিক ১৫ হাজার ডলারে কাজ করবেন তারা। আর এই কোচ নিয়ে আশাবাদী বাফুফের সহ সভাপতি তাবিথ আওয়াল। তিনি বলেন, ‘আগামী চার মাসের জন্য আমরা একজন ইটালিয়ান হেড কোচ, একজন সহকারী এবং একজন ফিটনেস কোচকে নিয়োগ দিতে যাচ্ছি। বাংলাদেশী কোচ সাইফুল বারী টিটু এবং পূর্বের গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার অবশ্য থাকছেন এই কোচিং স্টাফদের সঙ্গে। সবমিলিয়ে আমাদের কোচিং স্টাফ হবে পাঁচ জনের।’
ইউয়েফার এ লাইসেন্স ও প্রো লাইসেন্সের আবেদনকারী সাবেক গোলকিপার লোপেজের কোচিং ক্যারিয়ার শুরু ইটালির সিরি-অ’র বিখ্যাত ক্লাব এ .এস রোমার ফুটবল একাডেমি দিয়ে। পরে লিথুয়ানিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ক্লাব কোচিং এ জড়িত ছিলেন এই ইটালিয়ান।
তবে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিয়ে আরো যাচাই করতে করতে চান সদ্য দায়িত্ব পাওয়া লোপেজ। তিনি বলেন, ‘বাংলাদেশকে বিশ্বের সামনে উপস্থাপন করতে চাই। এ জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবো। আমি আগে খেলোয়াড়দের জানবো, বুঝবো। এরপর ফর্মেশন ঠিক করবো’।
কোচের চুক্তির মধ্যে জুনিয়র খেলোয়াড় ও স্থানীয় কোচদেরও প্রশিক্ষণ দেয়ার কথা রয়েছে। এখন দেখার বিষয় এই ইটালিয়ান কোচ বাংলাদেশ ফুটবলকে কতদূর নিয়ে যেতে পারে।






