সামিট-ডিআরইউ ক্রিকেটে টানা দ্বিতীয় জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যানেল আই। বৃহস্পতিবার জনকণ্ঠের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় লাল-সবুজের দল।
চ্যানেল আইয়ের দুর্দান্ত বোলিংয়ে জনকণ্ঠ তেমন রান করতে পারেনি। টসে জিতে আগে ব্যাট করে নিয়ন্ত্রিত বোলিংয়ে জনকণ্ঠ নির্ধারিত ৬ ওভারে ২ উইকেটে করে ২৫ রান। চ্যানেল আইয়ের শফিক ও তৌহিদ একটি করে উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১ ওভার ১ বলেই জয় পায় চ্যানেল আই।
পাঁচ বল খেলে ৩ ছক্কা আর ১ চারে অপরাজিত ২২ রান করে টানা দ্বিতীয় ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন চ্যানেল আইয়ের রাহুল রায়।
ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় হকি খেলোয়াড় তারিকুজ্জামান নান্নু। ম্যান অফ দ্য ম্যাচ রাহুলও একজন সাবেক জাতীয় হকি তারকা।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ডিআরইউ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে আগামীকাল (৪ নভেম্বর) চ্যানেল আইয়ের প্রতিপক্ষ আরটিভি।








