নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের সময় বাংলাদেশ সফরের কথা স্মরণ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
১৯৮৩ সালে তার বাবার সাথে বাংলাদেশ সফর করেছিলেন ট্রুডো।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ট্রুডোর আমন্ত্রণে সম্প্রতি এক অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন প্রফেসর ইউনূস।
ইউনূস সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্বব্যাপী দরিদ্র্য নারীদের উন্নয়নে অসামান্য অবদান রাখায় কানাডিয়ান প্রধানমন্ত্রী ড. ইউনূসের প্রশংসা করেন।
এ সময় প্রধানমন্ত্রী ট্রুডো ১৯৮৩ সালে ১২ বছর বয়সে বাবার সঙ্গে বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন।
বৈঠকে প্রফেসর ইউনূস ও প্রধানমন্ত্রী ট্রুডো চলতি বছরের ২৮ সেপ্টেম্বর অটোয়ায় অনুষ্ঠেয় নর্থ আমেরিকান সোশ্যাল বিজনেস ফোরাম নিয়ে আলোচনা করেন।
কানাডার সুবিধাবঞ্চিত মানুষদের জন্য নীতিনির্ধারণী বিভিন্ন বিষয় ও কানাডিয়ান সরকারের উন্নয়ন সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনার জন্য কানাডিয়ান প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে কানাডা সফরের আমন্ত্রণ জানান।
তিনি কানাডায় সামাজিক ব্যবসা আন্দোলনে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতিও দেন।







