সরকারি হাসপাতালগুলোর বিদ্যমান অবকাঠামো ও সুযোগ-সুবিধা সঠিকভাবে পরিচালনা করে সেবার মান বাড়ানো সম্ভব বলে স্বাস্থ্য ক্যাডারের নবীন চিকিৎসকরা মনে করছেন।
চ্যানেল আই পরিদর্শনে এসে নবীন চিকিৎসকদের প্রত্যন্ত এলাকায় নিজ কর্মস্থলে মানুষদের মৌসুমী ও পেশাগত ঝুঁকি সম্পর্কিত রোগ সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়।
৩৩ ও ৩৪ তম বিসিএস উত্তীর্ন স্বাস্থ্য ক্যাডারের নবীন চিকিৎসকরা এখন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে ৭৯ ও ৮০ তম ফাউন্ডেশন কোর্সে অংশ নিচ্ছেন। তাদের ৮০ জনের একটি প্রতিনিধিদল আসে চ্যানেল আই পরিদর্শনে।
দেশের প্রত্যন্ত এলাকায় নিয়োগ পাওয়া নবীন চিকিৎসকরা চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও সীমাবদ্ধতা নিয়ে কথা বলেন। চিকিৎসা খাতের উন্নয়ন সম্পর্কিত সংবাদ বেশি বেশি প্রচারের অনুরোধও রাখেন তারা।
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এনএপিডি’র পরিচালক আবদুর রশিদ বলেন, চ্যানেল আইয়ে যদি নিয়মিতভাবে এমন কোনো অনুষ্ঠান রাখা হয় যেখানে বাংলাদেশের বড় ডাক্তারদের পুরো একটা অপারেশন সরাসরি দেখানো হবে, তাহলে দেশবাসী বুঝতে পারবে বাংলাদেশেও এ ধরণের চিকিৎসা হয়। এজন্য বিদেশে যাওয়ার দরকার নেই।
ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, চ্যানেল আই কখনোই বিদেশি কোনো ডাক্তার বা হাসপাতালের বিজ্ঞাপন অথবা বাংলাদেশের রোগী বিদেশে যাচ্ছে – এমন কিছু প্রচার করে না।
কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ নবীন চিকিৎসকদের নিজ কর্ম এলাকার জনমানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে প্রকৃত চিকিৎসক হয়ে উঠার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আপনারা গ্রামে গিয়ে মৌসুমভেদে, গ্রামীণ জনগণের পেশাভেদে যে স্বাস্থ্য-ঝুঁকিগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। শহরের ইটকাঠের দেয়াল থেকে বেরিয়ে গ্রামে গিয়ে গ্রামের কৃষকদের সঙ্গে উঠোনে বসে আপনার তথ্য নিয়ে সভা করতে পারেন। এতে অনেক কাজ হবে।’
পরে চ্যানেল আই’র নির্বাহী পরিচালক মোহাম্মদ মাসুদ নবীব চিকিৎসকদের চ্যানেল আইয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান।








