চীনের সানঝি প্রদেশের সুড়ঙ্গ পথে মারাত্মক বাস দুর্ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৩ জন।
বৃহস্পতিবার ভোররাতে রাতে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়েছেন। তবে দুর্ঘটনার সম্ভাব্য কারণ এখনও স্পষ্ট নয়।
এরকম মারাত্মক দুর্ঘটনা চীনের প্রায় নিয়মিত ঘটনা। এর আগে গত ৯ মে দেশটির সানদং প্রদেশের একটি সুড়ঙ্গ পথে দুর্ঘটনায় বাসের ড্রাইভারসহ মোট ১২ জন নিহত হয়েছিল। এর মধ্যে ১১ শিশু ছিল।
২০১৪ সালে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার মিনিবাসের দুর্ঘটনায় ১১জন শিশু নিহত হয়েছিল। ২০১১ সালে অতিরিক্ত যাত্রী বহনকারী স্কুল বাসের সঙ্গে কয়লার ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুইজন প্রাপ্ত বয়স্কসহ ২০জন মারা যায়। সেখানেও নিহতের তালিকায় ১৮ শিশু ছিল।








