জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার বলেছেন, স্তন ক্যান্সারের বিষয়ে সচেতনতা কার্যক্রমের ফলে এখন আগের চাইতে রোগীরা তুলনামূলক কম জটিল পর্যায়ে যাচ্ছে। তবে মফস্বল ও গ্রামাঞ্চলেও এ বিষয়ে সচেতনতা কার্যক্রম ছড়িয়ে দিতে হবে।
শনিবার স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম আয়োজন করে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের।
হাবিবুল্লাহ তালুকদার আরো বলেন, দেশের প্রায় চল্লিশটি জেলায় সচেতনতা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বাকী জেলাগুলোতে এই মাসের মধ্যে আয়োজন করা হবে।
তিনি আরো বলেন, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো, শাক ফলমূল বেশি খাওয়া, কায়িক পরিশ্রম ও ব্যায়াম করা, চর্বিযুক্ত খাবার কম খাওয়া স্তন ক্যান্সার থেকে মহিলাদের ঝুঁকি কমায়।
মিট দ্য প্রেসে আরও জানানো হয়, আগামী ৩১ তারিখে ঢাকায় গোলাপি সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেসক্লাব থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত সারা রাস্তায় সাধারণ মানুষের হাতে প্রয়োজনীয় তথ্যপূর্ণ লিফলেট বিতরণ করা হবে। ২১ তারিখে রাজশাহী শহরে একই ধরণের শোভাযাত্রা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যান্সার ইন্সটিটিউটের রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফা, ক্যান্সার সোসাইটির সহ-সভাপতি সুলতান মাহমুদুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশবিদ্যালয়ের অঙ্কোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সারওয়ার আলম, গাইনী অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সাবেরা খাতুনসহ অনেকে।
সারা বিশ্বের ন্যায় ১০ অক্টোবর দেশে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উদযাপিত হয়। ২০১৩ সাল থেকে সম্মিলিতভাবে প্রতি বছর ১০ অক্টোবর এই দিবস পালিত হচ্ছে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে।
দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, আইসিডিডিআরবি, মাতৃ-শিশু স্বাস্থ্য ইন্সটিটিউটের সংশ্লিষ্ট বিভাগসমূহ এই বিষয়ে একসাথে কাজ করছে।






