খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতে স্বরাষ্ট্রসচিব ও আইজি প্রিজনকে মেডিকেল বোর্ড গঠনের দায়িত্ব দেয়া হয়েছে। বোর্ডের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার বিকেলে একথা বলেন তিনি।
এদিন সকালে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও তার চিকিৎসার অনুরোধ করে বিএনপি।
এর আগে গত শুক্রবার বিকেলে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তার চার আইনজীবী।
সেদিনই ২৪ ঘণ্টার মধ্যে কারাবন্দী বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত হাসাপাতালে নিয়ে চিকিৎসার দাবি জানান তারা।
গত ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে নাজিম উদ্দীন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় আছেন বিএনপির এ শীর্ষ নেত্রী।








