আবুধাবিতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে পালমেইরাসের হারের পর ব্রাজিলের সাও পাওলোতে দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার পালমেইরাস স্টেডিয়ামের আলিয়াঞ্জ পার্কের বাইরে ভক্তরা একসাথে খেলা দেখতে জড়ো হয়েছিল। এক পর্যায়ে সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ৩৫ বছর বয়সী এক ব্যক্তি বুকে গুলিবিদ্ধ হয়ে পরে মারা যান। পুলিশ হস্তক্ষেপের আগ পর্যন্ত প্রায় আধা ঘণ্টা ধরে ওই সংঘর্ষ চলে।
শিশুসহ পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই আলিয়াঞ্জ পার্কে বড় পর্দায় খেলা দেখতে গিয়েছিলেন। সহিংসতা শুরুর পর সবাই ছুটাছুটি করে পালিয়ে বাঁচার চেষ্টা করেন।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, সমর্থকদেরদের মধ্যে মারামারির পর দাঙ্গা শুরু হয়ে যায় এবং একজন ব্যক্তিকে গুলি করা হয়।
আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে হওয়া ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে চেলসি।







