তার সঙ্গে দ্বন্দ্বের কারণেই কোচের পদ থেকে ইস্তফা দেন অনিল কুম্বলে। বিরাট কোহলিদের কোচের সেই পদটা নতুন করে পূর্ণ হয়েছে। ভারতীয় দলের প্রধান কোচ এখন রবি শাস্ত্রী। ব্যক্তিগতভাবে কোহলিও যাকে বেশ পছন্দ করেন বলে খবর। পছন্দের কোচকে পেয়ে এবার নতুন স্বপ্ন বোনার কথা জানালেন ভারতীয় অধিনায়কও। ইঙ্গিত দিলেন শাস্ত্রী যুগে নতুন কোন সংঘাত চান না তিনি।
শ্রীলঙ্কা সফরে উড়াল দেয়ার আগে বুধবার সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দুই গুরু-শিষ্য। তাতে সংবাদকর্মীরা বারবার চেষ্টা করেছেন কোহলির মুখ থেকে সাবেক গুরু কুম্বলে সম্পর্কে কিছু বের করতে। চতুর কোহলি নিজস্ব ঢংয়েই সেসব প্রশ্নের বেড়াজাল থেকে বের হয়ে গেলেন স্ট্রেটড্রাইভ হাঁকিয়ে।
কুম্বলের অধীনে এক বছর খেলেও সখ্যতা গড়ে তুলতে পারেননি কোহলি। দুজনের সম্পর্কের তিক্ততায় শেষ পর্যন্ত কুম্বলের চাকরিটাই গেছে। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতের টিম ডিরেক্টর থাকা শাস্ত্রীর সঙ্গে নতুন সম্পর্কটা জোরাল হবে তো? কোহলির ইঙ্গিত ইতিবাচকতার, ‘আমরা লম্বা সময় এক সঙ্গে কাজ করেছি। আমার মনে হয় না একে অপরকে ভালো করে চেনার দরকার আছে। আগেও এক সঙ্গে কাজ করেছি, জানি কখন খাবার প্লেটে তুলে দিতে হবে। বাড়তি কোন পরিশ্রমের দরকার হবে বলে মনে হয় না।’
শাস্ত্রীর সঙ্গে নতুন সম্পর্কে বাড়তি কোন চাপও অনুভব বোধ করছেন না বলে মত ভারতীয় কাপ্তানের, ‘আমি বাড়তি কোন চাপ অনুভব করছি না। সবাই কঠিন সময় পার করে। আমার অধিনায়কত্বে যত খারাপ সময় আসবে তার সবকিছুর দায় আমার। আপনাকে শুধু আপনার মনের কথা শুনতে হবে।’
জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ খোয়ানো এবং একমাত্র টেস্ট হারতে হারতে ভাগ্যগুণে জয় পাওয়া লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং একটি টি-টুয়েন্টি খেলবেন কোহলিরা। ২৬ জুলাই গল টেস্ট দিয়ে শুরু হবে ভারতের শ্রীলঙ্কা মিশন।








