বিশ্ব রাজনীতি নিয়ে মহাব্যস্ত থাকলেও ক্রীড়া দুনিয়াতেও যে তার চোখ থাকে সেটা জানা সবারই। চলতি বছরের শুরুতে নিজ দেশে সফল বিশ্বকাপ আয়োজন করে ক্রীড়াপ্রেমের প্রমাণও দিয়েছে ভ্লাদিমির পুতিন।
এবার ফুটবলের প্রতি ভালোবাসার কথায় আরও একটি প্রমাণ দিলেন রুশ প্রেসিডেন্ট। কোপা লিবার্তোদোরেসের ‘সুপারক্ল্যাসিকো’তে মাঠে উপস্থিত থাকবেন তিনি। যে ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ও ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট এবং বোকা জুনিয়র্স।
আর্জেন্টিনার মিডিয়ার বরাতে স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস জানাচ্ছে, রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের আগুনে ফাইনাল ম্যাচ দেখতে পুতিনের মাঠে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শুধু ফুটবল ম্যাচ দেখতেই আর্জেন্টিনায় যাচ্ছেন না পুতিন। এবার জি-২০ গ্রুপের শীর্ষ সম্মেলন হবে আর্জেন্টিনায়। ২৫ নভেম্বর হবে ফাইনালের দ্বিতীয় লেগ। সেদিনই বুয়েন্স আয়ার্সে থাকবেন পুতিন। তাই সুযোগ পেয়ে এমন একটি ঐতিহাসিক ম্যাচ দেখা থেকে নিজেকে বঞ্চিত করছেন না রাশিয়ার ‘লৌহমানব’।
কারণ কোপা লিবার্তোদোরেসের ইতিহাসে এই প্রথম দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ফাইনাল হতে যাচ্ছে। তার আগে ১১ নভেম্বর রিভার প্লেটের মাঠ এল মনুমেন্টাল স্টেডিয়ামে হবে প্রথম লেগ।
পুতিন মাঠে থাকলেও নিরাপত্তায় কোনো অসুবিধে হবে না বলে আগেই জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনার প্রতিরক্ষামন্ত্রী মার্টিন ওকাম্পো। রুশ প্রেসিডেন্টের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করার নিশ্চয়তা দিয়েছে বুয়েন্স আয়ার্সের পুলিশও। তারা বলছে, শুধু পুতিন নন, এই ম্যাচে অন্য দেশের প্রেসিডেন্টরা উপস্থিত থাকলেও সেটা অনেক বেশি চমত্কার ব্যাপার হবে।







