কলকাতার মোহরকুঞ্জে দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি শঙ্খচিল-এর মিউজিক লঞ্চ হয়েছে। জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন ছবির শিল্পী, পরিচালক-প্রযোজক এবং অন্যরা।
আশা অডিও’র উদ্যোগে কলকাতার মোহর কুঞ্জের খোলা ময়দানে গৌতম ঘোষ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি শঙ্খচিল’এর মিউজিক লঞ্চিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শক মাতান ছবির তিন কণ্ঠশিল্পী রুপংকর, অন্তরা চৌধুরী এবং মনময় ভট্টাচার্য।
প্রধান অতিথির বক্তৃতায় দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ছবির প্রশংসা করেন সঙ্গীতজ্ঞ অজয় চক্রবর্তী। তিনি বলেন, অনুসরণ এবং অনুকরণ না করেই বাংলা ছবি তার শ্রেষ্ঠ জায়গায় পৌছাবে।
দুই বাংলার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে এ ধরণের ছবি ভূমিকা রাখবে বলে জানান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । তিনি বলেন, এটাতো ঠিক গানের ছবি নয়। তবে তা সত্ত্বেও যেভাবে গানকে ব্যবহার করা হয়েছে এবং যে যে গানকে আবার রিক্রিয়েট করেছে গৌতম দা আমার দৃড় বিশ্বাস যে মানুষদের ভালো লাগবে।
চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রী ও কলাকূশলীদের প্রশংসা করেন পরিচালক গৌতম ঘোষ। তিনি বলেন, আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, মুকুন্দু দাসের গান ব্যবহার করা হয়েছে, রজনীকান্তের গান আছে। সিনেমার মুল পরিবার সঙ্গীত ভালোবাসে। যার জন্য আমাদের অভিনেতা অভিনেত্রিরা নিজেদের কন্ঠে গান গেয়েছে।
যৌথ প্রযোজনার ছবিতে কাজ করে নিজেদের সন্তুষ্টির কথা জানান শিল্পীরা। অভিনেত্রী কুসুম সিকদার বলেন, শঙ্খচিল মূলত মুক্তির প্রতীক। আর সঙ্গিত এই মুক্তির পথে প্রাণের যোগান দেবে, ছন্দ আনবে, গতি দিবে।
ছবিটিকে দুই বাংলার হৃদয়ের গল্প বলে আখ্যা দেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি বলেন, পৃথীবির সবদেশের মানুষ চাঁদ দেখে। কিন্তু কোন দেশের মানুষ চাঁদ দেখে বলে না- `আয় আয় চাঁদ মামা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা’। এগুলা সবাই আপনারা জানেন। এই জন্যই দুই বাংলার গল্প নিয়ে যে ছবি সেটা আমাদের সবার হৃদয়ের গল্প।
দুই বাংলার চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিয়ে এ ধরণের আরো ছবি নির্মিত হবে বলে আশা আগত অতিথিদের।






