মারাত্মক করোনা ভাইরাস যে মহামারীর রূপ নিয়েছে তা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল – আইএমএফ।
দুবাইয়ে গ্লোবাল উইমেন’স ফোরামে দেয়া ভাষণে রোববার এ কথা জানান আইএমএফ’র ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা।
তিনি বলেন, বড় ক্ষতির আশঙ্কা করা হলেও তারা এখনো আশা করছেন প্রবৃদ্ধি হ্রাসের পরিমাণ ০.১ থেকে ০.২ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই পতনের পর ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে খুব দ্রুতই আবার অর্থনৈতিক অবস্থা আগের মতো হতে শুরু করবে বলেও আশা প্রকাশ করেন জর্জিভা।
তবে তিনি এ-ও বলেন, বৈশ্বিক অর্থনীতিতে করোনা ভাইরাসের প্রভাব কতটা গুরুতর হবে তা অনেকাংশে নির্ভর করে ভাইরাসটিকে কত দ্রুত নিয়ন্ত্রণে আনা যাচ্ছে তার ওপর।









